অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতিচর্চার আহ্বান রিজভীর

সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে একটি জাতির স্বকীয়তা দুর্বল করার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ ধরনের আগ্রাসন মোকাবিলায় তরুণদের নিজস্ব সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

দেশের ইতিহাস, ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতির চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় নিজস্ব সংস্কৃতির গভীরতা অনুধাবন, চর্চা ও অনুশীলন জরুরি। বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে মরমি সাধক লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কালচার ফর ইউনিটি বাংলাদেশ’ অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের ওপর বিভিন্নভাবে সাংস্কৃতিক আগ্রাসনের প্রচেষ্টা চলতে পারে। তবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুরক্ষার অন্যতম ভিত্তি হলো নিজস্ব সংস্কৃতির গভীরতা উপলব্ধি করা এবং তা নিয়মিত চর্চা করা।

তিনি বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে দেশকে একমুখী করার চেষ্টা হয়েছে। এ সময়ে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে এবং স্বাধীনতার কথা বলেও অন্য দেশের অধীনতা মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে তরুণেরা এসব বিষয় বুঝতে পেরেছেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার কথা বলা হলেও কার্যত দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা হয়েছে। বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় সিনেমা অবাধে প্রদর্শনের উদ্যোগকে তিনি সাংস্কৃতিক আগ্রাসনের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

রিজভী বলেন, একটি জাতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য তার সার্বভৌমত্ব। সেই সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তরুণদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা এবং নিজস্ব সংস্কৃতি নিয়ে ভাবনার যে বিকাশ ঘটেছে, জুলাই আন্দোলনে তার প্রকাশ দেখা গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে মানুষ জেগে উঠলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অমানবিক শাসনের পতন ঘটে।

বাংলার লোকজ সংস্কৃতি ও দর্শনের গুরুত্ব তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, লালন শাহ ও মুকুন্দরামসহ বাংলার লোককবিদের চিন্তায় মানবতাবাদী দর্শনের প্রকাশ ঘটেছে। তাঁদের রচনায় সহজ ভাষায় মানুষের মর্যাদা, আত্মপরিচয় ও মানবিকতার কথা উঠে এসেছে। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতেও এ ধারার প্রভাব দেখা যায়।

তিনি আরও বলেন, লালনের গান ও বাউল সুর বাংলা সাহিত্য ও সংগীতকে গভীরভাবে প্রভাবিত করেছে। বাংলাদেশের জাতীয় সংগীতেও বাউল সুরের প্রভাব রয়েছে। তাই সাংস্কৃতিক চর্চা ও জাতীয় চেতনায় মানবতাবাদী দর্শনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান র

1

অ্যানিমেটেড সিরিজে এবার মেসি

2

সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

3

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রধান

4

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা

5

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার

6

ড্র করেও সেমিতে আর্সেনাল

7

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্

8

ময়নামতি প্রেস ক্লাব, ময়নামতি সাংবাদিক, আহ্বায়ক কমিটি, সোহ

9

সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

10

প্রধানমন্ত্রীকে ঘিরে ৯ মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস

11

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্য

12

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রতিমন্ত্রী মীর শাহে আল

13

৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

14

পর্যটন খাতে বড় পরিবর্তনের রোডম্যাপ বাংলাদেশের

15

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্

16

পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন

17

ব্যাটে-বলে শেহজাদের ঝলক, ৩৫ রানে জিতল বসুন্ধরা স্ট্রাইকার্স

18

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন

19

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

20