অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

উষ্ণায়নে উত্তপ্ত মহাসাগর, বাড়ছে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের মহাসাগরগুলোতে নজিরবিহীন পরিবর্তন ঘটছে বলে উঠে এসেছে একশরও বেশি আন্তর্জাতিক বিজ্ঞানীর যৌথ গবেষণায়। প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি ক্রমেই তীব্র হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের মহাসাগরগুলোতে দ্রুত ও নজিরবিহীন পরিবর্তন ঘটছে বলে জানিয়েছে একশরও বেশি আন্তর্জাতিক বিজ্ঞানীর যৌথ গবেষণা। কোপার্নিকাস ওশান স্টেট রিপোর্টের দশম সংস্করণে উপগ্রহ, বুয়ি ও বিভিন্ন সেন্সর থেকে চার দশকের বেশি সময় ধরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বর্তমান পরিস্থিতিকে এখন পর্যন্ত সবচেয়ে গুরুতর সতর্কবার্তাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, মানুষের জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশ শোষণ করে নিচ্ছে মহাসাগর। তবে বর্তমানে সমুদ্র উষ্ণ হওয়ার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। বিগত ২০ বছরে সমুদ্র উষ্ণায়নের গতি দ্বিগুণ হয়েছে। ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা আগের রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কেটর ওশান ইন্টারন্যাশনালের মহাপরিচালক পিয়েরে বাহুরেল বলেন, মহাসাগরগুলো চোখের সামনেই পরিবর্তিত হচ্ছে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, পানির উচ্চতা বেড়ে যাওয়া এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি পরস্পর সম্পর্কিত দীর্ঘমেয়াদি সংকটের লক্ষণ। এর পাশাপাশি জলবায়ুর স্বাভাবিক প্রাকৃতিক চক্র এল নিনো সমুদ্রের ওপর আরও চাপ তৈরি করছে। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা বৃদ্ধির এ বৈশিষ্ট্য এ বছর এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রূপ ধারণ করতে যাচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

মহাসাগর কতটা অতিরিক্ত তাপ শোষণ করছে, তার পরিমাণ তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে সমুদ্রের পানি অতিরিক্ত ২৩ জেটাজুল তাপ শোষণ করেছে। এটি টানা নবম বছরের মতো তাপ শোষণের নতুন বিশ্বরেকর্ড। বিজ্ঞানীদের হিসাবে, এই পরিমাণ শক্তি প্রতি সেকেন্ডে ১২টি হিরোশিমা পারমাণবিক বোমার বিস্ফোরণের শক্তির সমান। একই সঙ্গে এর পরিমাণ ২০২৫ সালে বিশ্বব্যাপী ব্যবহৃত মোট শক্তির প্রায় ৪০ গুণ।

অতিরিক্ত এই তাপের কারণে মহাসাগরে তাপপ্রবাহ তৈরি হচ্ছে, উপকূলীয় এলাকায় ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক প্রাণিজগত এবং বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। শুধু বরফ গলার কারণেই নয়, উষ্ণ পানি বেশি আয়তন দখল করায়ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৯ সাল থেকে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা প্রতি বছর প্রায় ০.১৫ ইঞ্চি বা ৩.৮ মিলিমিটার করে বেড়েছে। এর ফলে এখন পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ প্রায় ৪ ইঞ্চি উঁচু হয়েছে। ২০১২ সালের পর এ বৃদ্ধির গতি আরও বেড়েছে, যা বিশ্বের উপকূলীয় অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য ঝুঁকি তৈরি করেছে।

কার্বন দূষণের কারণেও সমুদ্রের পরিবেশে পরিবর্তন ঘটছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৫ সালের পর থেকে কার্বন দূষণ শোষণের কারণে সমুদ্রের পানি প্রায় ১৭ শতাংশ বেশি অম্লীয় হয়েছে। বিজ্ঞানীদের মতে, সমুদ্রের অম্লকরণ জলবায়ু পরিবর্তনের আরেকটি গুরুতর প্রভাব। এতে পানির নিচের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ঝিনুক, গলদা চিংড়ি ও প্রবালের মতো প্রাণীর খোলস ও কঙ্কাল তৈরি এবং তা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

নির্দিষ্ট কিছু অঞ্চলে এ পরিবর্তনের প্রভাব আরও বেশি দেখা যাচ্ছে। মার্কেটর ওশান ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং প্রতিবেদনের অন্যতম লেখক কারিনা ভন শ্যুকম্যান বলেন, ইউরোপের সমুদ্রগুলো এখন চরম সংকটের মধ্যে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর রেকর্ড মাত্রার সামুদ্রিক তাপপ্রবাহের মুখে পড়ে। এর কয়েকটি ৩০ দিনেরও বেশি সময় স্থায়ী হয়। ওই সময়ে পানির তাপমাত্রা গড়ে ৮.৩ ডিগ্রি ফারেনহাইট বা ৪.৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায়।

দ্য মেডিটেরেনিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজের গবেষক ও প্রতিবেদনের সহ-লেখক ব্লাঙ্কা ফার্নান্দেজ-আলভারেজ বলেন, এগুলো সাময়িক উষ্ণতা নয়। মহাসাগরের ধারাবাহিক উষ্ণায়নের প্রেক্ষাপটে সামুদ্রিক বাস্তুতন্ত্র মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

সমুদ্রের এই পরিবর্তনের প্রভাব মানুষের জীবনেও পড়ছে। প্রতিবেদনে ২০২৪ সালের ঝড় লুইসের কথা উল্লেখ করা হয়েছে। ওই ঝড়ে স্পেনের উপকূলে ২৬ ফুট উঁচু ঢেউ আঘাত হানে। এতে বিদ্যুৎ বিভ্রাট ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি একজনের মৃত্যু হয়।

একই বছরে সুইডেন ও ফিনল্যান্ডের মধ্যবর্তী বোথনিয়ান উপসাগরে প্রবল বাতাসের কারণে পানি এতটাই সরে যায় যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক ধাক্কায় ৬০ ইঞ্চি কমে যায়। ফলে সেখানে ১৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।

দ্রুত উষ্ণ হয়ে ওঠা আর্কটিক অঞ্চলও বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত চার দশকে আর্কটিক সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা প্রায় ৭.৬ ডিগ্রি ফারেনহাইট বা ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ১৯৭৯ থেকে ২০২৫ সালের মধ্যে প্রতি দশকে বরফের গড় মাসিক বিস্তার প্রায় ১ লাখ ৯০ হাজার বর্গমাইল কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি দশকে এ পরিমাণ বরফের বিস্তার কমে যাওয়া আয়তনে স্পেনের মতো একটি দেশ হারিয়ে যাওয়ার সমান।

অন্যদিকে, ২০২২ সালে অ্যান্টার্কটিকার বরফ রেকর্ড পরিমাণ গলে যাওয়ার কারণে সম্রাট পেঙ্গুইনদের ইতিহাসে প্রথমবারের মতো গণ-প্রজনন ব্যর্থতার ঘটনা রেকর্ড করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বরফের ওপর নির্ভরশীল প্রজাতিগুলোর প্রাকৃতিক আবাসস্থলও পরিবর্তিত হচ্ছে।

মহাসাগরের এ পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো। ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, তীব্র ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রবাল প্রাচীর ধ্বংসের মতো হুমকির মুখে রয়েছে এসব দেশ।

কারিনা ভন শ্যুকম্যানের ভাষায়, দ্বীপরাষ্ট্রগুলোর জন্য সমুদ্রের পরিবর্তন কোনো দূর ভবিষ্যতের পরিবেশগত বিষয় নয়; বরং এটি তাদের বর্তমান অর্থনীতি, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সরাসরি চ্যালেঞ্জ। তাঁর মতে, এসব পরিবর্তন ভবিষ্যতে অন্যান্য উপকূলীয় অঞ্চল কী ধরনের ক্ষতির মুখে পড়তে পারে, তারও আগাম সতর্কবার্তা।

প্রতিবেদনে এই পরিবর্তনের গতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে বিশ্বজুড়ে সমুদ্রের ওপর দীর্ঘমেয়াদি ও নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পিয়েরে বাহুরেল বলেন, মহাসাগরের পরিবর্তনের বাস্তবতা আগে থেকে অনুধাবন করা এবং এর জন্য প্রস্তুত থাকার স্থায়ী সক্ষমতা গড়ে তোলাই এখন মানবজাতির অন্যতম প্রধান দায়িত্ব।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

1

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: প্রধানমন্

2

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের দৃষ্টি সরাতে ঘটনা সাজানো হ

3

গ্রাম-শহরের সব শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ: স্বাস্থ্যমন্ত

4

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সির বিরুদ্

5

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্

6

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্

7

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার-বিরোধী দলকে দায়িত্বশ

8

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

9

বিনিয়োগ ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বা

10

পুলিশের ভাবমূর্তি রক্ষা ও ক্ষমতার অপব্যবহার না করার নির্দেশ

11

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী ও দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্

12

সংবিধান সংশোধনে গুম প্রতিরোধ ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি

13

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি কার্যক্রম

14

হোটেলে বসে সামরিক অভিযানের ঘোষণা, ইয়েমেন সরকারের বাস্তবতা নি

15

টেকসই উন্নয়নের ভিত্তি দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ

16

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলকার তুর্কের সাক্ষাৎ

17

বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

18

ঢামেকে উদ্বেগজনক চিত্র: ২০২৫ সালে ধর্ষণের অভিযোগ নিয়ে ১,১০০

19

জনগণের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করছে সরকার: হুইপ দুলু

20