
ব্যাট হাতে ২৯ রানের কার্যকর ইনিংসের পর বল হাতে এক উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন শেহজাদ আকবর সোবহান। তাঁর পারফরম্যান্সে ভর করে উইকেন্ড স্পোর্টস ফ্যামিলিকে ৩৫ রানে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স।
ব্যাটে-বলে শেহজাদ আকবর সোবহানের নৈপুণ্যে উইকেন্ড স্পোর্টস ফ্যামিলিকে ৩৫ রানে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯৮ রান করে বসুন্ধরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে থামে উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি।
বসুন্ধরার ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাহিন, সুমন আহমেদ, শেহজাদ ও অন্তু। ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন মাহিন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।
সুমন আহমেদ মাত্র ২৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৩টি চার ও ৪টি ছক্কা। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে শেহজাদ ২৬ বলে করেন ২৯ রান। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা।
শেষ দিকে মাত্র ১৫ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন অন্তু। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।
বসুন্ধরার ইনিংসে অন্যতম আকর্ষণ ছিলেন শেহজাদ। তিনি ক্রিজে নামতেই গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বসুন্ধরা ক্রিকেট একাডেমির শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। ঢাকঢোলের ছন্দে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে স্ট্রাইকার্সের ব্যাটারদের চার-ছক্কার ঝড় দর্শকদের মাতিয়ে রাখে।
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি। ওপেনার ইমরান শিকদার ১৪ বলে ২১ রান করেন। রিয়াদ ফয়সাল ফেরেন ৫ রানে। আর রানের খাতা খোলার আগেই আউট হন আকাশ।
মাঝের দিকে জুবায়ের নোবিন ১৬ বলে ২১ রান এবং ডা. হোসেন বিল্লাল খান পলাশ ২১ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের আশা দেখান। পলাশের ইনিংসে ছিল ৪টি চার।
তবে শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনের ২৯ বলে ৪০ রানও দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি। শেষ ওভারে সাদ্দাম আউট হলে ১৬৩ রানেই থামে উইকেন্ড স্পোর্টস ফ্যামিলির ইনিংস।
বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে লাজিম তিনটি এবং তাপস ঘোষ দুটি উইকেট নেন। শেহজাদ, খালেদ ও রনি একটি করে উইকেট শিকার করেন।
দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে চলছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের তৃতীয় আসর। এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল। তিনটি গ্রুপে ভাগ হয়ে হচ্ছে গ্রুপ পর্বের খেলা। এরপর কাপ ও প্লেট—দুটি আলাদা শিরোপার জন্য লড়বে দলগুলো।