পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের বসার ছবি ঘিরে প্রশ্ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে ভারপ্রাপ্ত পেশকারের নির্ধারিত চেয়ারে সার্ভেয়ার ফিরোজ বিন আনছারীর বসে থাকার একটি ছবি সামনে এসেছে। ছবিতে তাঁকে এক পা অপর পায়ের ওপর তুলে বসে থাকতে দেখা যায়। ঘটনাটি সামনে আসার পর সরকারি দপ্তরে দায়িত্ব বণ্টন, দাপ্তরিক শিষ্টাচার ও কর্মচারীদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।
ছবিতে দেখা যায়, সার্ভেয়ার ফিরোজ বিন আনছারী ভারপ্রাপ্ত পেশকার ওয়াহিদুল রহমানের নির্ধারিত চেয়ারে বসে আছেন। তাঁর সামনে চেয়ারে বসে রয়েছেন দিনাজপুর থেকে আসা সেবাগ্রহীতা আরমান আলী। পাশে দাঁড়িয়ে রয়েছেন তথ্য সংগ্রহের কাজে যাওয়া সংবাদকর্মী মুজিবুর রহমান।
জানা গেছে, ভারপ্রাপ্ত পেশকার ওয়াহিদুল রহমান সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে ছুটিতে থাকাকালে ঘটনাটি ঘটে। তবে ওই সময় সার্ভেয়ার ফিরোজ বিন আনছারী পেশকারের ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন কি না, কিংবা তাঁর নির্ধারিত চেয়ার ব্যবহারের কোনো অনুমতি ছিল কি না—এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, দায়িত্বে না থাকা অবস্থায় একজন কর্মচারীর নির্ধারিত চেয়ারে অন্য কর্মচারীর বসা এবং সেখানে পা তুলে বসার বিষয়টি দাপ্তরিক শিষ্টাচার ও অফিসের শৃঙ্খলার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে সরকারি দপ্তরে দায়িত্ব ও পদ অনুযায়ী নির্ধারিত কর্মপরিবেশ এবং শৃঙ্খলা কীভাবে নিশ্চিত করা হচ্ছে, সে প্রশ্নও সামনে এসেছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩০ ধারায় সরকারি কর্মচারীর আচরণ ও শৃঙ্খলার বিষয় সংশ্লিষ্ট বিধি ও সরকারি আদেশের মাধ্যমে নির্ধারণের কথা বলা হয়েছে। ফলে ঘটনাটির ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব বণ্টন ও প্রচলিত দাপ্তরিক নিয়ম কী ছিল, তা যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্টদের অভিমত।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে সহকারী সেটেলমেন্ট অফিসার পলাশ কুমার সরকারকে পাওয়া যায়নি। জানা যায়, তিনি অতিরিক্ত দায়িত্বে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিলেন। পরে তাঁর বক্তব্য জানতে সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উক্ত চেয়ারের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত পেশকার ওয়াহিদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, "আনুমানিক ১০ থেকে ১৫ দিন যাবত আমি সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছি। তবে তিনি যদি আমার চেয়ারে এভাবে পা তুলে বসে আপনার সাথে বেয়াদবি করে থাকেন, এটি অবশ্যই আইনবহির্ভূত কাজ। এই কাজ মোটেও তার করা ঠিক হয়নি।
পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে সেবাগ্রহীতাদের উপস্থিতিতে ঘটে যাওয়া এ ধরনের দৃশ্য দাপ্তরিক পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করতে পারে।