ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক কারবারির অভিযোগে ইসহাক আলী নামে এক ব্যক্তির মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের বোর্ডহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জনরোষের মুখে পড়েছেন তালিকাভুক্ত মাদক কারবারি ইসহাক আলী। শুক্রবার দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের বোর্ডহাট এলাকায় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ইসহাক আলী উপজেলার ভেবড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইসহাক আলী বড় ধরনের মাদকের চালান নিয়ে বোর্ডহাট এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় সচেতন বাসিন্দারা তাঁকে আটকের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি বুঝতে পেরে তিনি নিজের মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত পালিয়ে যান।
পরে ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মোটরসাইকেলটি পুড়ে ভস্মীভূত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, ইসহাক আলী ওই এলাকার একজন তালিকাভুক্ত মাদক কারবারি। জনতা এক মাদক কারবারির মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে—এমন খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।